মকবুল হত্যা মামলায় মামুন খালেদের ৩ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার
 ছবি: মামুন খালেদ
ছবি: মামুন খালেদ

২০২২ সালে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক প্রধান লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা-র অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের সদস্য হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানের সময় কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং পাশেই অবস্থানরত হাজারো নেতা-কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন থানা-য় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় মিরপুর ১০ এলাকায় দেলোয়ার হোসেন হত্যা মামলায় মামুন খালেদের বিরুদ্ধে দুই দফায় ১১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। দ্বিতীয় দফার ছয় দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।

এদিন গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দেলোয়ার হত্যা মামলায় গত ২৬ মার্চ পাঁচ দিন এবং ৩১ মার্চ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ২৫ মার্চ রাত ১২টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সম্পর্কিত