ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ : জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলার পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর একজন পদস্থ কর্মকর্তা জবানবন্দি দেবেন। নিরাপত্তার কারণে তার নাম প্রকাশ করা হয়নি।
আদালত সূত্র জানায়, এর আগে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর এক কর্মকর্তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। জেরা শেষ হলে নতুন সাক্ষীর জবানবন্দি শুরু হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে জুনাইদ আহমেদ পলক ফেসবুকে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
এছাড়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে তথ্য গোপন এবং মারণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ আনা হয়েছে এই দুই আসামির বিরুদ্ধে। প্রসিকিউশন দাবি করেছে, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬২ জন নিহতের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
মামলার দুই আসামির মধ্যে জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন, তবে সজীব ওয়াজেদ জয় পলাতক। তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম মামলাটি পরিচালনা করছেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।