রিমান্ড শেষে কারাগারে বহিষ্কৃত শিবির নেতা জিসান

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানকে দুই দিনের রিমান্ড শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল পৌনে ৫টার দিকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ড শেষে জিসানকে আদালতে হাজির করা হলে বিচারক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সবকিছু স্বাভাবিক পাওয়ায় তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ জুন জিসান আহমেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে একই দিন রাতে কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে ওই দিনই ২৫ বছর বয়সী এক বিধবা নারী দাউদকান্দি থানায় জিসানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে ১৬ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করে। আদালত তখন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সাত দিনের রিমান্ড আবেদন করলে গত ২১ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বলেন, দুই দিনের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে সেসব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

সম্পর্কিত