হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি পাভেল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মুহাম্মদ শামীমকে হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়।

নির্ধারিত দিনে সাদ্দাম হোসেন পাভেলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাদ্দাম হোসেন পাভেলকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেন মুহাম্মদ শামীম। একপর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী মুহাম্মদ শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৬ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

সম্পর্কিত