হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো

স্টাফ রিপোর্টার
 ছবি: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
ছবি: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) সকালে ভার্চুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই আবেদন শুনানির জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ৬ জুলাই দিন ধার্য করেছিলেন। তবে শুনানির সময় প্রয়োজনীয় নথি উপস্থাপন না হওয়ায় তা পিছিয়ে বুধবার ভার্চুয়াল শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে গত ১৭ মে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে নতুন করে গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশ দিয়ে রুল জারি করেন।

পরে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর তাকে নতুন করে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ৩০ জুন হাইকোর্ট তাকে জামিন দেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও ২ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন বহাল রাখেন।

এরও আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময়ের যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পাঁচ মামলাসহ মোট আটটি মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

সর্বশেষ বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় আদালতের আদেশে তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হলো।

সম্পর্কিত