ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর মামলার আসামি প্রদীপ পাল (৪০) কে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৭ এপ্রিল) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল র্যাব-১১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রদীপ পাল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জালালচর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক নারীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর পোস্ট দেন এবং পরে চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী আলফাডাঙ্গা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫, ২৬ ও ২৭ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮৫ ধারায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পিবিআই ফরিদপুর তদন্ত করছে।
এর আগে ১৪ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম এলাকায় শংকর কুমার পাল (৩৩)-এর নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননাকর পোস্ট দেওয়া হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধ দমনে সংস্থাটির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।