সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদ জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার
 ছবি: সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ছবি: সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আটজনের নামে থাকা ২২ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আছাদুজ্জামান মিয়া ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৫ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

জব্দ হওয়া সম্পত্তির মালিকদের মধ্যে রয়েছেন—আছাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিন, মেয়ে আয়েশা সিদ্দিক, শ্যালক হাফিজুর রহমান এবং শ্যালিকা পারভীন সুলতানা ও ফাতেমাতুজ্জোহরা।

একই আদেশে আছাদুজ্জামান মিয়া, তাঁর স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিন এবং মেয়ে আয়েশা সিদ্দিকার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে—গুলশানের জোয়ার সাহারায় ১০ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা আবাসিক ভবন, ধানমন্ডি ও গুলশানে একটি করে ফ্ল্যাট, পূর্বাচলে জমি এবং আফতাব নগরে ছয় কাঠা জমি। এ ছাড়া গাজীপুর, ফরিদপুর ও নারায়ণগঞ্জেও তাদের নামে জমি রয়েছে। এসব সম্পদের মোট মূল্য ধরা হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকা।

দুদকের সহকারী পরিচালক আলিয়াজ হোসেন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, আছাদুজ্জামান মিয়া ও তাঁর পরিবারসহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

শুনানি শেষে আদালত দুদকের উভয় আবেদন মঞ্জুর করেন।

সম্পর্কিত