একজনের মানহানির অভিযোগে অন্য কেউ মামলা করতে পারেন না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেন, বাংলাদেশের আইনে মানহানির মামলা করতে হলে যার মানহানি হয়েছে, তাকেই বাদী হতে হয়।
সোমবার (২৭ এপ্রিল) সংসদ সদস্য মুফতি আমির হামজার আগাম জামিন মঞ্জুরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জানা যায়, গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় আমির হামজার বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২ এপ্রিল সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির।
পরে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
শিশির মনির বলেন, আদালত তাকে আট সপ্তাহের জন্য বা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতা স্থগিত থাকবে। নির্ধারিত সময় শেষে তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন।
তিনি আরও বলেন, ঘটনার স্থান শরীয়তপুর হলেও মামলা করা হয়েছে সিরাজগঞ্জে, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। এছাড়া যার মানহানির অভিযোগ, তিনি নিজে মামলা করেননি—তার হয়ে অন্য একজন মামলা করেছেন, যা আইনের সঠিক প্রয়োগ নয়।