নির্বাচনে মোতায়েন প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য

স্টাফ রিপোর্টার
নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম। ছবি: সংগৃহীত
নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচনের মাঠে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ইসির তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন থাকবেন। বিমানবাহিনীর ৩ হাজার ৫০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের ৫টি জেলার ১৭টি আসনে নৌবাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েন থাকবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে ১ হাজার ২১০ প্লাটুন, অর্থাৎ ৩৭ হাজার ৪৫৩ সদস্য দায়িত্ব পালন করবেন। কোস্টগার্ড দেশের ১০টি জেলার ১৭টি আসনে, ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৫৮৫ সদস্য মোতায়েন করবে।

পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য দায়িত্বে থাকবেন। র‌্যাবের ৯ হাজার ৩৪৯ জন সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া নির্বাচনে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) থেকে মোট ১ হাজার ৯২২ জন সদস্যও মোতায়েন করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত