মকবুল হত্যা মামলায় আফজাল নাছেরের ফের রিমান্ড

স্টাফ রিপোর্টার
 ছবি: সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছেরক
ছবি: সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছেরক

ঢাকা-র পল্টন মডেল থানায় করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছের-এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর আদালতের বিচারক জামসেদ আলম তাকে এক দিনের রিমান্ড দেন। এর ফলে এ পর্যন্ত দুই মামলায় পাঁচ দফায় মোট ১৮ দিনের রিমান্ডে নেওয়া হলো তাকে।

আদালত সূত্রে জানা যায়, আগের দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার ও নার্গিস পারভীন মুক্তি রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা পুলিশ আফজাল নাছের-কে গ্রেপ্তার করে। পরদিন তাকে অন্য একটি হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে পল্টন থানার মকবুল হত্যা মামলায় একাধিক দফায় রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

সম্পর্কিত