দেশে চাহিদা বাড়ায় কমেছে চা রপ্তানিঃ বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ছবি: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দেশে চায়ের অভ্যন্তরীণ চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় চা রপ্তানির পরিমাণ কমেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সভাপতিত্ব করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের ফলে চায়ের অভ্যন্তরীণ চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে দেশীয় চাহিদা পূরণের পর রপ্তানিযোগ্য চায়ের পরিমাণ আগের তুলনায় কমে গেছে।

তিনি জানান, ২০১৫ সালে দেশে ৯৪ দশমিক ১৩ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছিল। ওই উৎপাদন থেকে দেশীয় চাহিদা মিটিয়ে ১ দশমিক ৬৪ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়। অন্যদিকে, ২০২৫ সালে মাত্র ০ দশমিক ০৫ মিলিয়ন কেজি চা আমদানি করা হয়েছে।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, দেশীয় চা শিল্পের সুরক্ষায় চা আমদানিকে নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, দেশের ১৭২টি চা বাগানে ভর্তুকি মূল্যে রাসায়নিক সার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি উত্তরাঞ্চলে চা চাষ সম্প্রসারণে ক্ষুদ্র চা চাষিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, চা উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং রপ্তানি বাড়ানোর লক্ষ্যে চলতি বছরের ৭ জুন সরকার সাত সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্সের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত