বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত কমেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে কাঁচা মরিচের দামে এমন চিত্র দেখা গেছে।
খুচরা বাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ মাত্র দুই সপ্তাহ আগেও বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ থেকে ৪২০ টাকা পর্যন্ত উঠেছিল।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের বাইরে থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। পাশাপাশি দেশের প্রধান মরিচ উৎপাদনকারী অঞ্চলগুলো থেকেও নতুন করে বিপুল পরিমাণ মরিচ পাইকারি বাজারে আসতে শুরু করেছে। ফলে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমেছে।
তালতলা বাজারের কাঁচা মরিচ বিক্রেতা জাহিদ বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে সরবরাহের ঘাটতি নেই। বন্যার কারণে একসময় কৃষকের উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি বাজারে মরিচ আসছে। এতে দাম কমে এসেছে।
বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাসেল মিয়া বলেন, কাঁচা মরিচ রান্নার অন্যতম প্রয়োজনীয় উপকরণ। কয়েক দিন আগেও দাম বেশি থাকায় ৫০ গ্রামের বেশি কেনা কঠিন ছিল। এখন দাম ৩০০ টাকা পর্যন্ত কমে যাওয়ায় স্বস্তি লাগছে।
বাজার বিশ্লেষকদের মতে, পচনশীল কৃষিপণ্যের দামে হঠাৎ বড় ধরনের ওঠানামা ঠেকাতে স্থায়ী সংরক্ষণাগার গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি স্থানীয় সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা গেলে আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাজারকে আরও স্থিতিশীল রাখা সম্ভব।