দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে সোনা ও রুপার নতুন বিক্রয়মূল্য কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দরে প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, প্রতি গ্রাম ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪২০ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪০০ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৬০ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ মূল্য কার্যকর থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার মূল্য।