এপ্রিলে ২৯ দিনে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল

স্টাফ রিপোর্টার
 ছবি: Online
ছবি: Online

চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ৩ দশমিক ০০২ বিলিয়ন ডলার। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯২১ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে, গত মার্চ মাসে দেশে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাস আয় হিসেবে বিবেচিত।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এর আগের মাসগুলোতেও ধারাবাহিকভাবে উচ্চ প্রবাহ বজায় ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাস আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধার কারণে দেশে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

সম্পর্কিত