রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা চার দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় এর প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় উঠেছে। কোনো কোনো সবজির দাম আবার ১০০ টাকার ঘরও ছাড়িয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা এবং বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (৪টি) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
সবজির পাশাপাশি মুরগির বাজারেও অস্বস্তি বিরাজ করছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে কষ্ট করে বাজারে আসতে হচ্ছে, তার ওপর সবজির দামও চড়া। এতে স্বল্প আয়ের মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি কিছু সবজির মৌসুম না থাকায় দাম আরও বেড়েছে।