ভ্যাট রিফান্ড পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না ব্যবসায়ীদের। করদাতাদের ভোগান্তি কমাতে অনলাইনভিত্তিক ই-ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে অনলাইনে আবেদন করে সরাসরি করদাতার ব্যাংক হিসাবে ভ্যাট রিফান্ডের অর্থ পাঠানো হবে।
বুধবার রাজধানীর রাজস্ব ভবনে অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার তিনজন করদাতার ব্যাংক হিসাবে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট রিফান্ড পাঠানো হয়। এ সময় ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, নতুন ব্যবস্থায় সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যেই ভ্যাট রিফান্ডের আবেদন সম্পন্ন করা যাবে। করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে আবেদন জমা দেওয়া বা টাকা উত্তোলনের প্রয়োজন হবে না। এতে সময় ও খরচ দুটোই কমবে এবং কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
তিনি বলেন, করদাতারা অনেক সময় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে ভ্যাট পরিশোধ করেন। সেই ন্যায্য পাওনা ফেরত পেতে যদি তাদের হয়রানির শিকার হতে হয়, সেটি এনবিআরের ব্যর্থতা। তাই রিফান্ড প্রক্রিয়ায় ভোগান্তি দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এনবিআর সূত্র জানায়, ইতোমধ্যে ১১৫টি প্রতিষ্ঠান ১২৪ কোটি টাকা ভ্যাট রিফান্ডের আবেদন করেছে। পর্যায়ক্রমে প্রায় ৪ হাজার কোটি টাকা রিফান্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নতুন ব্যবস্থায় ই-ভ্যাট সিস্টেমে আলাদা রিফান্ড মডিউল যুক্ত করা হয়েছে, যা অর্থ বিভাগের আইবাস সিস্টেমের সঙ্গে সংযুক্ত। রিফান্ড অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি করদাতার নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, করদাতা নিজেই ব্যাংক হিসাবের তথ্য অনলাইনে প্রদান করবেন। এরপর শুধু ‘রিফান্ড চাই’ অপশনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে। পরবর্তী যাচাই-বাছাই ও অর্থ ছাড়ের পুরো প্রক্রিয়া এনবিআর নিজ দায়িত্বে সম্পন্ন করবে।
এনবিআর বলছে, কর ব্যবস্থাপনাকে আরও সহজ ও জনবান্ধব করতে সংস্থাটির সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল করা হচ্ছে। এ উদ্যোগ সফল করতে করদাতাদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।