চলমান আন্দোলন ও দোকানপাট বন্ধ কর্মসূচির মধ্যে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ কার্যক্রম শাটডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। এতে বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে মোবাইল ব্যবসা খাত কার্যত সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। সারাদেশে দোকান বন্ধ থাকায় কোনো আয় বা লেনদেন নেই, ফলে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোবাইল ব্যবসা খাতে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে বিনিয়োগ করেছে। দীর্ঘদিন ধরে এই খাত নিয়মিতভাবে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করে এসেছে, কারণ ব্যবসা ছিল সচল, বৈধ ও ধারাবাহিক।
তবে চলমান আন্দোলনের কারণে ব্যবসা বন্ধ থাকায় আয় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক দাবির কোনো গ্রহণযোগ্য সমাধান এখনো আসেনি। ফলে চলমান আন্দোলন ও দোকান বন্ধ কর্মসূচি চলাকালীন সব ধরনের ব্যাংক ঋণের বিপরীতে কিস্তি পরিশোধ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী ঋণ দেওয়ার আগে প্রতিটি ব্যবসার বৈধতা ও আর্থিক সক্ষমতা যাচাই করা হয়। মোবাইল ব্যবসা খাত সেই প্রক্রিয়া সম্পন্ন করেই ব্যাংক ঋণ পেয়েছে। তাই এ খাত কোনোভাবেই অবৈধ বা অনানুষ্ঠানিক নয়।
ব্যবসায়ীরা দাবি করেন, ব্যবসা বন্ধ রেখে এবং আয়ের পথ বন্ধ অবস্থায় কোনো ঋণ পরিশোধ করা সম্ভব নয়। ন্যায্য সমাধান এলেই ব্যবসা চালু হবে, আর ব্যবসা চালু হলেই ব্যাংক কিস্তি পরিশোধ পুনরায় শুরু হবে।