দেশের বাজারে আবারও সোনা ও রুপার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ৪ হাজার ২০৯ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা করা হয়েছে।
এর মাধ্যমে দেশের বাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল। একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
সোমবার (১৯ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৩৪ হাজার ৬৭০ টাকা। গত ১৫ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ওই দামে সোনা বিক্রি হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী—
২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ২০৯ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা,
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ২৪ টাকা বাড়িয়ে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা,
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৫ জানুয়ারি ২২ ক্যারেটের সোনার দাম দুই হাজার ৬১৫ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৪ হাজার ৬৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে—
২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২৯১ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৪০ টাকা,
২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২৩৪ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯৪৯ টাকা,
১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা এবং
সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।