ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ : বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য বাড়িয়েছে সরকার। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল—সব ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা।
দাম সমন্বয়ের ফলে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, যা লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৯ টাকা বেড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। নতুন এই বৃদ্ধির ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে অতিরিক্ত চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।