ভারতের আসামের Numaligarh Refinery Limited থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে বলে জানিয়েছে Bangladesh Petroleum Corporation (বিপিসি)।
মঙ্গলবার (১০ মার্চ) পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন খরচ ও সময় উভয়ই সাশ্রয় হবে।
এর আগে এই পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। রোববার Pranay Vermaকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury।
এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত Numaligarh Refinery Limited থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তিও রয়েছে। তবে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের কারণে কিছু সময় এই কার্যক্রম বন্ধ ছিল।
এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বহন করবে বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণের মাধ্যমে সংগ্রহ করার কথা রয়েছে।