এপ্রিলের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স ২৭১ কোটি ডলার

স্টাফ রিপোর্টার
 ছবি: Online
ছবি: Online

চলমান এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) প্রায় ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত রবিবার একদিনেই প্রবাস আয় এসেছে প্রায় এক হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৫ সালের এপ্রিলের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে একই সময়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত) সামগ্রিক হিসাবে দেশে এখন পর্যন্ত এসেছে ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২ হাজার ৪০৫ কোটি ৬০ লাখ ডলার।

অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে একই সময়ে প্রবাস আয় বেড়েছে প্রায় ২০ দশমিক ২০ শতাংশ।

সম্পর্কিত