বাজার নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
 ছবি: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ছবি: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এ প্রযুক্তির আওতায় এনে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজারের সাম্প্রতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের একাধিক সংস্থা কাজ করছে। শুধু বাজারদর নয়, পণ্যের উৎপাদন, আবহাওয়ার কারণে ফলনের সম্ভাব্য প্রভাব এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির পূর্বাভাস বিশ্লেষণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে একটি এআইভিত্তিক মডেল তৈরি করা হবে।

সিলেটকে দেশের অন্যতম সবজি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে দেশের সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেটের। তবে প্যাকেজিং ও প্রয়োজনীয় সনদসংক্রান্ত জটিলতার কারণে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এসব সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সবজি সংরক্ষণের সুবিধা বাড়াতে সরকার সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এর একটি উল্লেখযোগ্য অংশ সিলেটে স্থাপন করা হবে।

শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিল্পকারখানাগুলো যাতে পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার প্রদান, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সম্পর্কিত