ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় নিজেই পদত্যাগের বিষয়টি জানান মেজর হাফিজ। এর আগে সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশনে তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
মেজর হাফিজ বলেন, ‘স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। নিজেকে নিরপেক্ষ রাখতে আমি ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি।’
অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনের সভাপতি হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবের সমর্থন করে বিরোধী দলও। ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।