দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন।
দলের নতুন মহাসচিব কে হবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী জানান, বিষয়টি নির্ধারণের দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। সাংবিধানিক ও দলীয় প্রক্রিয়া পর্যালোচনা করে পরবর্তীতে নতুন মহাসচিবের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।