দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সভায় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। পরে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।
অন্যদিকে সংসদের বিরোধী দল ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।
একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তবে যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্র চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।