রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টার
 ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুজন জ্যেষ্ঠ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, আগামী বুধবার (১২ আগস্ট) দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র ও সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের সক্ষমতার কারণে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির কঠিন রাজনৈতিক সময়ে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দলের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্ত ও মার্জিত রাজনৈতিক বক্তব্যের জন্য পরিচিত। দীর্ঘ সময় বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক সমন্বয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দলের অবস্থান তুলে ধরার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল।

সংশ্লিষ্টরা জানান, বিএনপির দুঃসময়ে দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে মির্জা ফখরুলের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতি এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় তিনি সাংগঠনিকভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন।

রাষ্ট্রপতি পদটি সাংবিধানিকভাবে নিরপেক্ষ ও রাষ্ট্রের অভিভাবকসুলভ একটি পদ হওয়ায় মির্জা ফখরুলের অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব এ দায়িত্ব পালনের জন্য উপযোগী বলে মনে করছেন দলটির সংশ্লিষ্ট নেতারা। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বাবা রুহুল আমিন ছিলেন কৃষি প্রতিমন্ত্রী। পরিবারের রাজনৈতিক ঐতিহ্যও রয়েছে। তার বড় চাচা মির্জা গোলাম হাফিজ ভূমিমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মির্জা ফখরুল ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন। ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে শিক্ষকতা করেন। পরবর্তী সময়ে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নামের ভোটার তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত