কৃষি উন্নয়নে সরকার কৃষকের পাশে থাকবে: এ্যানি

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা স্বনির্ভর আন্দোলন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আরও এগিয়ে নেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের প্রত্যেককে পাঁচটি করে নারিকেল গাছের চারা এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, আল্লাহর রহমতে লক্ষ্মীপুর কৃষির জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এখানে বছরে দুই থেকে চারটি ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। তাই পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

তিনি জানান, কৃষকদের সুবিধার্থে সরকারের উদ্যোগে খাল খনন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন, পানি চলাচল স্বাভাবিক রাখা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা ও সড়কের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জন্য সরকার এক হাজার ৬০০টি নারিকেল গাছের চারা বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে বাস্তবায়িত খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয় কর্মসূচির ধারাবাহিকতা। এই উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ও পরিবেশ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিরা এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত