হাওর অঞ্চলের বন্যাকবলিত কৃষকদের জন্য সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি বন্যায় হাওর অঞ্চলের ব্যাপক ফসলহানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে প্রাথমিকভাবে প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। কৃষকরা পরবর্তী ফসল ঘরে তোলা পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের পক্ষে পুরো ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব না হলেও এই সহায়তা কৃষকদের আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়ক হবে। প্রয়োজনে ভবিষ্যতে সহায়তার পরিমাণ আরও বাড়ানো হতে পারে।
মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য শিগগিরই হাওর এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি।