লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন স্থানে জব্দ করা জ্বালানি তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সরকারি রাজস্ব নিশ্চিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে জব্দ করা জ্বালানি তেল নষ্ট না করে কৃষিকাজে ব্যবহারের জন্য কৃষকদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের ফলে কৃষকরা স্বল্পমূল্যে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন। পাশাপাশি বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার মাধ্যমে রাজস্ব আদায়ও নিশ্চিত করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আ. সাত্তার, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। জব্দকৃত তেল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ায় তারা উপকৃত হবেন।
স্থানীয় কৃষকরা জানান, বাজারে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় সেচ খরচ বেড়ে গিয়েছিল। প্রশাসনের এই উদ্যোগে তারা স্বস্তি ফিরে পেয়েছেন।