নতুন মোটরসাইকেলে বাজারে গিয়ে প্রাণ গেল ছেলের

স্টাফ রিপোর্টার
 ছবি: মারুফ
ছবি: মারুফ

দুই দিন আগে মা ছেলেকে নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। সেই মোটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ বছরের তরুণ মারুফ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নামদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ সখীপুর উপজেলার দেবরাজ গ্রামের হাসমতের মোড় এলাকার বাসিন্দা। তিনি পরিবারের একমাত্র ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মারুফের বাবা নুরনবী সৌদি আরবপ্রবাসী। দুই দিন আগে মারুফের মা নাজমা আক্তার ছেলেকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেন। শুক্রবার সকালে মারুফ ওই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বড়চওনা ইউনিয়নের নামদারপুর বাজারে যাচ্ছিলেন।

এ সময় রাস্তার পাশে স্তূপ করে রাখা ইটের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারুফের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাবা নুরনবী দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি দেশে পৌঁছানোর পর জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, হাসপাতালে আনার আগেই মারুফের মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত