লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের চাপায় মো. নিহাদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহাদ সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়নের খলিল মোহাম্মদের বাড়ির মোহাম্মদ আজাদের ছেলে। সে বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল নিহাদ। এ সময় বিদ্যালয়ের সামনে রামগঞ্জ থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করে।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, রাত ১০টার পর ড্রাম ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের নিয়ম থাকলেও দিনের বেলাতেও এসব ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে সড়ক ব্যবহারকারী ও শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ছেন।
এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।