কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মাছবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তবে নিহত অন্য তিনজন মাছ ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, ট্রাক কেটে ভেতরে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত