গোবিন্দগঞ্জে ট্রাকে বাসের ধাক্কা, আহত অন্তত ১০

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলার পুরাতন বন্দর এলাকার অনন্ত দাস (২৯), কাটাবাড়ি ইউনিয়নের আনোয়ার হোসেন (৪২) ও তার মেয়ে আয়েশা (৮), রংপুর সদরের লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম সদরের রোস্তম আলী (৬৩), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আনজুল ইসলাম সাগর (৪৭), আলমগীর (২১) এবং আরও কয়েকজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টিএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। চাপড়িগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সম্পর্কিত