মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবদম্পতির

স্টাফ রিপোর্টার
 ছবি: সড়ক দুর্ঘটনা
ছবি: সড়ক দুর্ঘটনা

মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের ঘরে রয়েছে মাত্র তিন মাস বয়সী একটি শিশু সন্তান, যা ঘটনায় বাড়তি বেদনার সৃষ্টি করেছে।

শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর এলাকায় একটি হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তামিম উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে তারা মোটরসাইকেলে করে ফরিদপুর শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এই ঘটনায় নবদম্পতির তিন মাস বয়সী শিশু সন্তানটি বাবা-মা দুজনকেই হারিয়ে অসহায় হয়ে পড়েছে। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত