গাজীপুরে বাসাবাড়িতে আগুন, পুড়ল ১১টি কক্ষ

স্টাফ রিপোর্টার
গাজীপুরের আমবাগ এলাকায় আগুনে পুড়ে যাওয়া বাসাবাড়ির একাংশ। ছবি: সংগৃহীত
গাজীপুরের আমবাগ এলাকায় আগুনে পুড়ে যাওয়া বাসাবাড়ির একাংশ। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় একটি বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির ১১টি কক্ষসহ টিভি, ফ্রিজ ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ভোরে আমবাগ মেম্বারবাড়ি মোড় এলাকার চাঁন মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগুনে বাসাবাড়ির ১১টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি টিভি, ফ্রিজসহ ঘরের বিভিন্ন মূল্যবান আসবাবপত্র আগুনে নষ্ট হয়েছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত