ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হেলাল উদ্দিন (৪৭) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন উপজেলার চৌদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর ফুলবাড়িয়া কার্যালয়ের আওতাধীন দেওখোলা ইউনিয়নের লাইন মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লক্ষ্মীপুর বাজারে একটি ট্রান্সফরমারের ফিউজ লাগানোর সময় হেলাল উদ্দিন বিদ্যুতায়িত হন। এ সময় আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। ফলে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।