ফেনীর সোনাগাজী উপজেলার ফুটবল খেলার মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম সাঈদ হোসেন (১৬)। সে উপজেলার সাতবাড়িয়া গ্রামের নাছির আহমেদের ছেলে এবং মতিগঞ্জ আর এম হাট কে উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সাতবাড়িয়া গ্রামের হেকিম ডাক্তার বাড়ির পাশে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় অংশ নেওয়ার পর বিদ্যুতের সংযোগ খুলতে গিয়ে সাঈদ হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আমজাদুর রহমান জানান, “আকর্ষণীয় একটি ফুটবল ম্যাচ হয়েছে। খেলা শেষে এমন দুর্ঘটনা হবে আমরা কল্পনাও করিনি। সাঈদ অত্যন্ত ভালো মনের কিশোর ছিল। তার অকালমৃত্যুতে আমরা বাকরুদ্ধ।”
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, “অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকেই তার লাশ স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ নিহত পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে, তবে তাদের কোনো অভিযোগ নেই।