লক্ষ্মীপুর রামগতিতে মাটি খুঁড়ে মিলল তিন মর্টার শেল

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পানির পাইপলাইন স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্ব পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মর্টার শেলগুলো বর্তমানে থানা পুলিশের হেফাজতে নিরাপদে রাখা হয়েছে। এগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে আসবেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। মাটি খোঁড়ার একপর্যায়ে তারা মাটির নিচে রকেটসদৃশ তিনটি বস্তু দেখতে পান।

বস্তুগুলো দেখে আতঙ্কিত শ্রমিকরা প্রথমে সেগুলোর ছবি তুলে পুনরায় মাটিতে পুঁতে রাখেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরে লাল টেপ দিয়ে এলাকাটি চিহ্নিত করে বস্তুগুলো সতর্কতার সঙ্গে মাটি থেকে উদ্ধার করা হয় এবং নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, মাটি খোঁড়ার সময় পাওয়া তিনটি রকেটসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের নির্দেশনায় বস্তুগুলো থানায় নিরাপদে রাখা হয়েছে। এগুলো পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোমা নিষ্ক্রিয়কারী দল আসবে।

উদ্ধার করা বস্তুগুলো কত পুরোনো এবং এগুলো কার্যকর অবস্থায় রয়েছে কি না, তা পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত