লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজ উল্লাহ উপজেলার কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পৌর জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি জামায়াত ও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজ উল্লাহ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শান্তিপ্রিয় ইসলামী সংগঠন। ইনসাফ ও ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন চলছে।” তিনি অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগী প্রার্থীরা বিভিন্ন এলাকায় ফ্যাসিস্টদের দোসর ও সরকারের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসীদের একত্রিত করে প্রকাশ্যে সভা-সমাবেশ করছে এবং পেশিশক্তির মহড়া দিচ্ছে।
তিনি আরও বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা কয়েকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সেই কেন্দ্রগুলোর তালিকা ইতোমধ্যে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।” প্রশাসনের প্রতি এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ আর হাফিজ উল্লাহ বলেন, নির্বাচিত হলে রামগতি ও কমলনগর এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যটন অবকাঠামো গড়ে তোলা এবং এলাকাভিত্তিক উৎপাদিত পণ্য ও দ্রব্যের ওপর ভিত্তি করে শিল্প-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, সেক্রেটারি মাওলানা আলী মুর্তুজা, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি মাওলানা জাফর আহাম্মদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলাসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজ উল্লাহ।