রামগতিতে চর আবদুল্লাহ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ১ম পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একাংশ। ছবি: দৈনিক নতুনচাঁদ
চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ১ম পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একাংশ। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘১ম পুনর্মিলনী-২০২৬’। গত ৩০ মে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতি, আবেগ, আনন্দ ও প্রজন্মের বন্ধনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ পুনর্মিলনীতে ১৯৯৫ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত বিভিন্ন সময়ের শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ, আড্ডা, শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রয়াত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা, সমাজসেবা, সাংবাদিকতা, প্রশাসন ও বিভিন্ন পেশায় বিশেষ অবদান রাখা কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের অভিজ্ঞতা, সহযোগিতা ও প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল বাকী, আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন এবং চ্যানেল ২৪-এর অনুসন্ধানী সাংবাদিক মো. মাহতাব উদ্দিন মিনহাজ।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা তাদের শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনী আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০০৩ ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল আমিন রাজুর তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) আবদুল ওয়ারেছ পাভেল, গোলাম কিবরিয়া মিরাজ এবং জাফর ইকবাল মিঠু।

দিনশেষে অংশগ্রহণকারীরা স্মৃতিময় এ আয়োজনকে সফল ও প্রাণবন্ত উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত