রায়পুরে বালুর স্তূপ থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুরে বালুর স্তূপ থেকে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগ হোসেনের মরদেহ উদ্ধার। ছবি: দৈনিক নতুনচাঁদ
রায়পুরে বালুর স্তূপ থেকে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগ হোসেনের মরদেহ উদ্ধার। ছবি: দৈনিক নতুনচাঁদ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বালুর স্তূপ থেকে সোহাগ হোসেন (৩৫) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নর পাটোয়ারী রাস্তার মাথা এলাকায় মন্তাজ পাটোয়ারী বাড়ির সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহাগ হোসেন ওই এলাকার লালগাজি মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। তিনি এক বছর আগে বিদেশ থেকে ফিরে এসে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তার স্ত্রী শাহিনুর বেগম আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিহতের ভাই ও মা বলেন, “সোহাগের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে আমরা বলতে পারছি না। তবে সে অনলাইনে জুয়ায় আসক্ত ছিল।”

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, “অটোরিকশা চালক সোহাগের মরদেহ বাড়ির পাশের একটি সুপারি বাগানে বালুর স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।”

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত