রায়পুরে মাদকের প্রতিবাদে ছাত্রদল নেতা মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার
 ছবি: অভিযুক্ত আবু হুরাইরা সাজিদ।
ছবি: অভিযুক্ত আবু হুরাইরা সাজিদ।

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আদনান হাবিবকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিকেল পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।

আহত আদনান হাবিব উপজেলার ২ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। অভিযোগে হামলার নেতৃত্বদাতা হিসেবে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মিজান হাওলাদারের ছেলে আবু হুরাইরা সাজিদের নাম উল্লেখ করা হয়েছে।

আদনান হাবিবের অভিযোগ, তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর আগে একাধিক মাদককারবারিকে মাদকদ্রব্যসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন। আবু হুরাইরা সাজিদ চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি করে তিনি জানান, এ কারণে তাকে একাধিকবার মাদকসংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছিলেন।

হাবিব বলেন, ঘটনার পরদিন রায়পুরে যাওয়ার পথে সাজিদ কয়েকজন সহযোগীকে নিয়ে তার ওপর হামলা চালান। হামলার সময় সাজিদ তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদক সেবনের সময় স্থানীয় জনতা সাজিদকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান। ওই ঘটনার জের ধরে সাজিদ হাবিবের বাড়িতে গিয়ে হুমকি দেন। পরে রায়পুরে যাওয়ার পথে সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে হাবিবকে মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাজিদের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে তার বাবা মিজান হাওলাদার দাবি করেন, তার ছেলে মাদকের সঙ্গে সম্পৃক্ত নন। ৫ আগস্ট মাদক সেবনের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়ার বিষয়েও তিনি কিছু জানেন না।

রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় বলেন, আদনান হাবিব এলাকায় মাদকবিরোধীসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। তার এই অবস্থানের কারণেই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে তারা জানতে পেরেছেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আদনান হাবিব বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে দুই পক্ষেরই ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত