রায়পুরে বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকার মন্ত্রী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন লাখ টাকা দেনমোহরে নাজমার সঙ্গে উপজেলার কলাকোপা এলাকার মুক্তার হোসেনের বিয়ে সম্পন্ন হয়। পরে অতিথিরা খাবার খেতে বসলে খাবার পরিবেশন নিয়ে বরপক্ষের এক ব্যক্তির সঙ্গে কনেপক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয় এবং দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বেলাল হোসেন, শাহিনুর, ইয়াসিন ও শাহ আলম পাটওয়ারীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ জানান, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, খাবার পরিবেশন নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত