ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

স্টাফ রিপোর্টার
 ছবি: তাসনিম জারা।
ছবি: তাসনিম জারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাসনিম জারা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তাঁকে ফুটবল প্রতীক দেওয়া হয়।

ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। এসব আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন মোট ১৩৮ জন, যার মধ্যে ১০ জন স্বতন্ত্র প্রার্থী।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ১১৯টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে, যার মধ্যে ৫৬টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত।

প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ভোটারদের কাছ থেকে তিনি বারবার জানতে চাওয়া হচ্ছিল—ব্যালট পেপারে তাঁর প্রতীক কী হবে। আজ সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মিলেছে বলে তিনি জানান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন জানিয়ে তাসনিম জারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতির ভিত্তিতেই তাঁর প্রচারণা চলবে। তিনি সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।

এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তাসনিম জারা। পরে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হলেও আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের পথ খুলে গেল।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত