লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
নিহত সাগর চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার জুলফু হাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকায় ভাড়া বাসায় থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন।
পরিবারের বরাতে জানা যায়, ১২ জুন বিকেলে রায়পুর পৌর শহরের হল রোড এলাকার নদীর পাড়ে মাদক বিক্রিকে কেন্দ্র করে সাগরের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পর রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার মো. নুরুল আমীনের (৪৫) বিরুদ্ধে অভিযোগ ওঠে। স্থানীয়রা তাকে ঘটনাস্থলেই আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার প্রায় ১৭ দিন পর সোমবার (২৯ জুন) নিহত সাগরের শাশুড়ি রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যুর বিষয়টি জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসারে মামলার ধারা পরিবর্তনসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।