এখনই আ.লীগের রাজনীতিতে ফেরার সময় নয়: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
 ছবি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ছবি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার উপযুক্ত সময় হয়নি। তাঁর দাবি, দলটি দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মানুষ নিহত, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এ অবস্থায় কোনো ধরনের অনুশোচনা ছাড়াই দলটি নতুনভাবে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলে তা জাতির জন্য দুঃখজনক হবে।

তিনি আরও বলেন, যারা অতীতে সহিংসতা, হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করা অন্যায়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বন্দি বিনিময় বা প্রত্যর্পণসংক্রান্ত চুক্তি থাকা সত্ত্বেও সরকার কেন তাকে দেশে ফিরিয়ে আনতে পারছে না, সেটি সরকারের বিষয়। তবে তাঁর মতে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা উচিত।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সরকারের। অতীতে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের দিক থেকেই রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কোনো সরকারই পুরোপুরি স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে পারেনি। জনগণের কণ্ঠস্বর রোধ করতে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা সব সময়ই দেখা গেছে। তিনি স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে তিনি বলেন, এসব কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগকারীদের হুমকি দেওয়ার পরিবর্তে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। এতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ডা. শফিকুর রহমান বাগেরহাট আলী মাদ্রাসায় জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলন শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন।

সম্পর্কিত