লালমনিরহাটের পাটগ্রামে পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পাটগ্রামের ব্র্যাক অফিসের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোহেল রানা পাটগ্রাম পৌরসভার মির্জার কোট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ২০১৩ সালের দুটি এবং ২০১৪ সালের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
অন্যদিকে, লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহের অভিযোগ করেন, সম্প্রতি পাটগ্রামে জামায়াত ও শিবির কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেওয়ায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, প্রভাবশালী মহলের ইন্ধনে এ গ্রেপ্তার হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার বলেন, ২০১৩ সালে পুলিশের গুলিতে দলের দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়েছিল। সেই মামলাতেই সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ২০১৪ সালের কোনো মামলার বিষয়টি তিনি অস্বীকার করেন।