একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদ গঠনের প্রত্যাশা প্রকাশ করে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, “আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চাই। দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।”
বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ এসব কথা বলেন।
তিনি আসন্ন সংসদ অধিবেশন পরিচালনায় বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমরা চাই বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করুক। তাদের যেকোনো যৌক্তিক সমালোচনা ও সহযোগিতাকে আমরা স্বাগত জানাব।”
নতুন সংসদের কার্যক্রম ও আচরণবিধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল ইসলাম মনি জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী, শুরুতে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে এবং সর্বসম্মতিক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত হবেন।
ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ জানান, এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের জন্য কোনো নাম বা প্রস্তাব দেওয়া হয়নি। নতুন সরকার গঠনের পর সংসদের এই অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে নতুন সংসদ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, সেটিই দেশের সামনে বড় প্রশ্ন।