ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ ভবনের বাইরে এনসিপির মুখপাত্র আশিক মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে স্লোগান দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ মানববন্ধন দুপুর পর্যন্ত চলে। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলো গত দেড় বছর ধরে দুর্বিষহ জীবনযাপন করছে। যারা এসব মানুষকে শহীদ ও আহত করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আমরা আমাদের এক দফা দাবিতে বলেছিলাম— শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। কিন্তু সেই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এখনও হয়নি।’
রাষ্ট্রপতিকে অপসারণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি ওঠে। তখন সাংবিধানিক সংকটের আশঙ্কার কথা বলে এ দাবি বাস্তবায়ন করা হয়নি। তবে বর্তমানে সংসদ আইনগতভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির বক্তব্যের সময় আমরা দেখতে চাই, কারা সংসদে বসে তার বক্তব্য শুনছেন। এখান থেকেই বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হবে— একটি ফ্যাসিবাদের পক্ষে, অন্যটি ফ্যাসিবাদের বিপক্ষে।’
মানববন্ধনে নারী শক্তির আহ্বায়ক মুনিরা শারমিন বলেন, জুলাই অভ্যুত্থানের ফসল হলো বর্তমান সংসদ। আমরা আশা করেছিলাম, জুলাই সংবিধান বাস্তবায়নে সব রাজনৈতিক দল ভূমিকা রাখবে। কিন্তু কয়েকটি দল শপথ নিলেও বিএনপি তা করেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এনসিপিসহ জুলাই শহীদদের পক্ষ থেকে সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হচ্ছে— সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়ে গণভোটের ম্যান্ডেট অনুযায়ী কাজ করা হোক।