৭২-এর সংবিধান বাতিল ও নতুন পুনর্লিখনের দাবি নাহিদের

স্টাফ রিপোর্টার
 ছবি: নাহিদ ইসলাম
ছবি: নাহিদ ইসলাম

১৯৭২ সালের সংবিধানকে “অগণতান্ত্রিক” ও “মুজিববাদী আদর্শের দলিল” আখ্যা দিয়ে তা বাতিল এবং প্রয়োজনে নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন,

১৯৭২ সালের সংবিধান স্বাধীন দেশের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা প্রণীত হয়নি বলে তার দাবি। তিনি বলেন, ওই সংবিধানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে এবং একজন ব্যক্তির হাতে নির্বাহী, বিচার বিভাগসহ রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত করার সুযোগ রাখা হয়েছিল, যার ফলে স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার, যা ৭২-এর সংবিধানে যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

সংসদে বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ৭২-এর সংবিধানের পক্ষে অবস্থান নিয়ে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের কাছাকাছি চলে গেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। তার দাবি, ভারত বাংলাদেশকে সমতার ভিত্তিতে দেখেনি এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনাও ঘটছে। তিনি ভারতের সঙ্গে মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্কের দাবি জানান।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি নিয়েও তিনি সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে এবং এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নাহিদ ইসলাম সরকারের কাছে দুর্নীতির বিচার ও রাজনৈতিক সহিংসতা দমনে স্পষ্ট রূপরেখা প্রকাশের আহ্বান জানান।

সম্পর্কিত